দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে ঢুকে লুটের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি হাতকড়া, লুট হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মাহবুব হাসান মুন্না (৩৯)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ওই তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। পরে বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেন তারা। পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘর তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ধাওয়া করেন। একপর্যায়ে রাজশাহীর বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের ঘিরে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে বাগমারা থানা পুলিশের সহায়তায় তিনজনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) সকালে তাদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
/অ